টিম পেইন অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচের দায়িত্বে

সাবেক অধিনায়ক ও বর্তমান অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ টিম পেইনকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়া ‘এ’ দলের আগামী তিনটি সিরিজে কোচ হিসেবে নিযুক্ত থাকবেন তিনি।

পেইন বর্তমান বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। এবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি অস্ট্রেলিয়া ছেলেদের ‘এ’ দলের পাশাপাশি নারী দলের সাপোর্ট স্টাফ হিসেবেও কাজ করবেন। সঙ্গে চালিয়ে যাবেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচিংয়ের দায়িত্বও।

আগামী জুলাইয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিনটি ৫০ ওভারের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ দল। এই সিরিজ দিয়েই নিজের নতুন অধ্যায় শুরু করবেন পেইন।

এরপর সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে সাদা ও লাল বলের সিরিজে দায়িত্ব সামলাবেন তিনি। এরপর অক্টোবরের শেষের দিকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একটি চার দিনের ম্যাচেও পেইন অস্ট্রেলিয়ার ‘এ’ দলের কোচ হিসেবে থাকবেন।

অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়া ‘এ’ দল ও ক্রিকেট অস্ট্রেলিয়ার বিভিন্ন দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। ২০২৩ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজে তিনি অ্যাডাম ভোজসের সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন।

২০২১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক থাকা অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন পেইন। আর ২০২৩ সালে অবসর নেন সব ধরণের ক্রিকেট থেকে। এরপর থেকেই কোচিংয়ে সক্রিয় পেইন।

এনএএন টিভি