সর্বসাধারণকে দেখার সুযোগ করে দিতে ডন ব্রাডম্যানের একটি ব্যাগি গ্রিন টুপি ৪ লাখ ৩৮ হাজার অস্ট্রেলিয়ান ডলারে কিনেছে দেশটির জাতীয় জাদুঘর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকার কাছাকাছি। এর অর্ধেক খরচ বহন করেছে ফেডারেল সরকার।
ব্রাডম্যান ওই ব্যাগি গ্রিন টুপিটি পরে ১৯৪৬-৪৭ মৌসুমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজে খেলেছিলেন। ৫ ম্যাচের ওই সিরিজ অস্ট্রেলিয়া জিতেছিল ৩-০ ব্যবধানে। ব্রাডম্যান ৯৭.১৪ গড়ে ৬৮০ রান করে হয়েছিলেন দুই দলের মধ্যে সর্বোচ্চ সংগ্রাহক।
টুপিটিকে অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বুর্ক গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে অভিহিত করেছেন। ‘আপনার কখনও এমন কোনো অস্ট্রেলিয়ানের সঙ্গে দেখা হবে না, যে ব্রাডম্যানের নাম শুনেনি। নিঃসন্দেহে সর্বকালের সেরা ক্রিকেটার। জাতীয় জাদুঘরে এমন একটা টুপি থাকা মানে দর্শনার্থীরা খুব কাছ থেকে এটাকে দেখে আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে।’

টুপিটি ব্রাডম্যানের পরা ১১টির মধ্যে একটি। অস্ট্রেলিয়ান বার্তা সংস্থা এএপির বরাত দিয়ে ক্রিকইনফো জানিয়েছে, আরেকটি টুপি অস্ট্রেলিয়ার ক্রীড়া জাদুঘরে সংরক্ষিত আছে। বাকি ৯টি টুপি ব্যক্তিগত সংগ্রহশালায়।
জাতীয় জাদুঘরের পরিচালক ক্যাথেরিন ম্যাকম্যাহন বলেছেন, ‘স্যার ডনের ব্যাগি গ্রিন টুপিটি অস্ট্রেলিয়ার সবচেয়ে উদ্যাপিত ক্রীড়া ব্যক্তিত্বের কথা স্মরণ করিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কঠিন সময়ে তিনি দেশকে সাহস দিয়েছিলেন। এই জাতীয় সম্পদ পেয়ে আমরা আনন্দিত।’
