ফেসবুকে প্রায়ই ধর্ম নিয়ে নানা কথা শেয়ার করা টাইগার পেসার তানজিম সাকিব রোজা না রাখায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন। ইফতারের সময় না হলেও মাঠেই কয়েকবার পানি পান করতে দেখা যায় তাকে। অথচ বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার রোজা রেখেই শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেছেন।
লংকানদের বিপক্ষে ওয়ানডে চলাকালীন সাকিব বোতল থেকে কিছু পান করছেন, এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে পক্ষে ও বিপক্ষে, দু’ধরনের মন্তব্যই দেখা গেছে।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে। বুধবার (১৩ মার্চ) বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে সাকিবের সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, দেখেন ভাই, এখন আপনারাও অনেক সময় এরকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন ইস্যুতে দেখতে পারে। আমি সবসময় ভালো জিনিসটা আশা করব বা আপনি সবসময় ভালো লিখবেন, এমন হতে পারে না। এখন একেকটা মানুষ একেকভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে।
মুশফিক আরও বলেন, যেটা বললেন ওর (সাকিব) অবস্থাটা কী, সেটা কিন্তু ভিন্ন। কারণ, স্বাভাবিকভাবে আজকে যেরকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল, ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।
প্রসঙ্গত, চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে ইফতারের জন্য কোনও বিরতি ছিল না। বুধবার শ্রীলংকার ইনিংস শেষ হওয়ার কয়েক মিনিট আগে ইফতারের সময় হলেও মাঠেই খেজুর ও পানি দিয়ে রোজা ভেঙেছেন মুশফিক-মাহমুদউল্লাহ-মিরাজরা। এরপর তিনজনই আবার মাঠে নেমে যান।
