তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে পরাজিত করে আর্সেনাল আবার ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে। লিভারপুল ম্যাচের প্রথম মিনিটে গোল খেয়েও দুইবার সমতায় ফিরেছিল। কিন্তু শেষবার আর তারা সমতায় ফিরতে না পারায় আরেকটি ম্যাচে হারতে হলো ইয়োর্গেন ক্লপের দলটিকে।
মিকেল আর্তেতার অধীনে চলতি মৌসুমের শুরুর থেকেই দারুন খেলছে। সে ধারা বজায় রেখে ছিনিয়ে নিয়েছে আরেকটি জয়। শুধু তাই নয়, এ জয় তাদেরকে আবার তুলে দিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে।
আর্সেনাল ম্যাচের প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায়। সাম্প্রতিক সময়ে রক্ষণভাগে ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হওয়া ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ভুলে গোলটি করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। নিজেদের সমর্থকদের সামনে দারুন ছন্দময় ফুটবল খেলে আর্সেনাল ম্যাচের শুরুর দিকে। গোল করার পরও সে ধারা বজায় রাখতে সক্ষম হয়। অবশ্য লিভারপুলও নিজেদের গুছিয়ে নিয়ে প্রতিআক্রমনে ওঠে এবং ৩৫ মিনিটের মাথায় ডারউইন নুনেজের গোলে সমতায় ফেরে। আর্সেনাল প্রথমার্ধের ইনজুরি টাইমে বুকায়ো সাকার গোলে আবার এগিয়ে যায়। মার্টিনেলির চমৎকার পাস থেকে গোলটি করেন সাকা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই লিভারপুল গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে এবং ৫৫ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে লিভারপুল। ২-২ গোলে সমতা ফেরার পর আর্সেনাল আবার আক্রমণের ধার বাড়ায় এবং ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায়। দিয়েগো জোতা ফাউল করেন গ্যাব্রিয়েল জেসুসকে এবং পেনাল্টি পায় আর্সেনাল। পেনাল্টি থেকে গোল করেন সাকা। যদিও লিভারপুলের ব্রাজিলিয়া গোলরক্ষক অ্যালিসন সঠিক দিকেই ঝাপিয়েছিলেন, কিন্তু তিনি বল রুখতে পারেননি।
৫ মিনিট ইনজুরি টাইমসহ ২০ মিনিট সময় পেয়েছিল লিভারপুল তৃতীয়বারের মতো সমতায় ফিরতে। কিন্তু আর্সেনালের রক্ষণভাগের দৃঢ়তায় এবার আর তারা সমতায় ফিরতে পারেনি। নয় ম্যাচ শেষে আর্সেনাল উঠে গেছে শীর্ষে।
