মার্চের ফিফা উইন্ডোতে ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ নারী দল। কিন্তু তার আগেই একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মেয়েরা। আগামী ১৮ই ফেব্রুয়ারি সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটি খেলবে বলে নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ফিফা টায়ার-১ স্বীকৃত।
এই ম্যাচ খেলতে আগামী ১৬ই ফেব্রুয়ারি সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ১৮ ফেব্রুয়ারি প্রীতি ম্যাচের পরদিন সিঙ্গাপুরের সঙ্গেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আজ কমলাপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘সিঙ্গাপুরের সঙ্গে যেটা খেলব সেটা হচ্ছে ফিফা টায়ার-১ ম্যাচ। আজ সকালে ওদেরকে জানিয়েছিলাম, দুটি ম্যাচ খেলব। কিন্তু ওরা রাজি হয়নি।
একটি ম্যাচই খেলতে চায় ওরা। তবে আরেকটা ম্যাচ খেলব তাদের সঙ্গে কিন্তু সেটা ফিফা ম্যাচ হবে না। প্রস্তুতি ম্যাচ সেটা। এই ম্যাচে মূল একাদশের বাইরের খেলোয়াড়রা খেলবে।’
সিঙ্গাপুর চেয়েছিল বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে। কিন্তু অন্য একটি দেশ নিশ্চিত না হওয়ায় তা আর আলোর মুখ দেখেনি। যেকারণেই বাংলাদেশ ও সিঙ্গাপুর একটি প্রীতি ম্যাচ খেলবে।
এছাড়া আগামী মার্চে কম্বোডিয়ার বিপক্ষে ঘরের মাঠে দুটি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। কিন্তু কম্বোডিয়া চায় এপ্রিলে খেলতে। এ ব্যাপারে কিরণ বলেছেন, ‘এপ্রিলে কম্বোডিয়া আমাদের সঙ্গে খেলতে চেয়েছে।
কিন্তু আমরা বলেছি মার্চে খেলব। শিডিউল চেয়েছি কিন্তু এখনো নিশ্চিত হয়নি। শিগগিরই জানা যাবে বিষয়টি।’
গত বছরের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। ঘরোয়া ফুটবল নিয়েই ব্যস্ত ছিলেন সাবিনা-কৃষ্ণারা। প্রায় ৫ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে তারা।

Comments are closed.