ডানপায়ের গোড়ালিতে লিগামেন্টের চোট ধরা পড়ায় অনির্দিষ্টকালের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে। গুরুতর চোটে পড়া লিওনেল মেসি দ্রুতই মাঠে ফেরার আশা।
ইন্টার মিয়ামির পক্ষ থেকে এলএম টেনের চোট নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘শারীরিক পরীক্ষার পর লিওনেল মেসির ডান পায়ের গোড়ালিতে লিগামেন্টে চোট ধরা পড়েছে। নিয়মিত পর্যবেক্ষণ ও তার অবস্থার উন্নতির ভিত্তিতে বোঝা যাবে, অধিনায়ককে কবে খেলায় পাওয়া যাবে। ’
মেসির অবশ্য গোড়ালিতে অস্ত্রোপচার করানোর প্রয়োজন নেই বলেই নিশ্চিত করেছে মিয়ামি। হাড়ে তিনি কোনো আঘাত পাননি। ইতিমধ্যেই আর্জেন্টাইন অধিনায়ক পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। সামনের দিনগুলোতে মিয়ামির ঠাঁসা সূচি থাকলেও দলেও সেরা তারকাকে ছাড়াই দলটিকে খেলতে হবে।
কোপা আমেরিকার শিরোপার নির্ধারণী ম্যাচে বলের দখল নিতে গিয়ে ৬৪ মিনিটে ভারসাম্য হারিয়ে পড়ে যান মেসি। পরে চোট নিয়ে হেঁটে মাঠ ছাড়েন এবং ডাগআউটে ফিরে কান্নায় ভেঙে পড়েন।
মেসির মেডিকেল চেকআপের আগে গতকাল মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছিলেন, মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির অন্তত পরবর্তী দুটি ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। ২৭ জুলাই লিগস কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে এমএলএসে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে টরন্টো এফসি এবং রোববার ভোরে শিকাগো ফায়ারের মুখোমুখি হবে মায়ামি।
মার্তিনো এর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘সে অ্যাঙ্কেল মচকে ফেলেছে এবং চোট ঠিক হয়নি। তাই পরীক্ষা-নিরীক্ষা এবং তার ফল পেতে অপেক্ষা করতে হবে। পরিস্থিতির মাত্রা বুঝতে বিভিন্ন পরীক্ষা করা হবে। আমাদের কাইনসিওলজিস্ট (ফিজিও) ওয়াল্টার ইনসউরালদে জাতীয় দলেরও কাইনসিওলজিস্ট। পরীক্ষার ফল পাওয়ার আগে কোনো সিদ্ধান্তে আসার ব্যাপারে সে খুব সাবধানী।’
গত সোমবার ইনস্টাগ্রামে করা পোস্টে শারীরিকভাবে ভালো বোধ করার কথা জানিয়েছিলেন লিওনেল মেসি। দ্রুতই মাঠে ফেরার আশা প্রকাশ করেছিলেন।
২৩ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে মোট ৪৭ পয়েন্ট নিয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্স টেবিলে দ্বিতীয় মায়ামি। তাদের সঙ্গে ১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে সিনসিনাটি।
