গত বছরের নভেম্বরে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। ক্ষমতা পাওয়ার পর মাত্র একটি সিরিজে দায়িত্ব পালন করেন তিনি, এবার তাকে নেতৃত্ব থেকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন করে দায়িত্ব পেয়েছেন বাবর আজম। বোর্ডের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন শাহিনের শ্বশুর শহীদ আফ্রিদি।
গত জানুয়ারিতে আফ্রিদির ক্যাপ্টেন্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। মাত্র একটি সিরিজ যে কারো নেতৃত্বগুণ প্রমাণ করে না, তা তো সবাই মানতে বাধ্য হবেন। তবে আফ্রিদির অবাক হওয়ার কারণটা ভিন্ন।
হাতবদল হয়ে পাকিস্তানের ক্যাপ্টেন্সি পেয়েছেন সেই বাবর আজম। আফ্রিদি বলছেন, প্রয়োজন হলে নেতৃত্বে বদল আসতেই পারে। তবে সেটা বাবরের পরিবর্তে মোহাম্মদ রিজওয়ানকে দেয়া উচিত ছিল বলে মনে মত তার। আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের অভিজ্ঞ নির্বাচক কমিটির সিদ্ধান্তে আমি অবাক। নেতৃত্বে বদল আনার প্রয়োজন থাকলে রিজওয়ানকে দায়িত্ব দেয়া যেত। সেটাই হত সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’
তবে বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে পূর্ণ সমর্থন দিচ্ছেন আফ্রিদি। বাবরকে শুভকামনাও জানিয়েছেন তিনি। শাহিনের শ্বশুর বলেন, ‘যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে, আমি পাকিস্তান দল ও বাবর আজমকে পূর্ণ সমর্থন ও শুভকামনা জানাই।’

Comments are closed.