ভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) বিরুদ্ধে বেতন ও বোনাস বাকি রাখার অভিযোগ করেছেন ফুটবলারেরা। এই পরিস্থিতিতে সুনীল ছেত্রীদের সামনে আর্থিক পুরস্কারের টোপ দিল সংস্থা। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে হংকংকে হারাতে পারলেই পুরস্কার পাবেন ফুটবলারেরা।
বুধবার হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই ম্যাচের আগে এআইএফএফ ঘোষণা করেছে, ভারত জিতলে ফুটবলারদের ৪৩ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘খেল নাও’ এ কথা জানিয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলারদের উদ্বুদ্ধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
এমন একটা সময়ে এআইএফএফ এই সিদ্ধান্ত নিয়েছে যখন তাদের বিরুদ্ধে বেতন বকেয়া রাখার অভিযোগ উঠেছে। ভারতীয় ফুটবলারদের অভিযোগ, ২০২৩-২৪ সালের বোনাস তারা এখনও পাননি। পাশাপাশি কয়েকজন ফুটবলার এও অভিযোগ করেছেন যে তাদের বেতন, ম্যাচ ফি ও দৈনিক ভাতার পুরো টাকা দেওয়া হয়নি। যদিও এই সব অভিযোগের কোনও জবাব ভারতীয় ফুটবল সংস্থা দেয়নি।
ফিফা ক্রমতালিকায় ভারতের (১২৭) থেকে পিছিয়ে রয়েছে হংকং (১৫৩)। কিন্তু ভারতের সাম্প্রতিক ফর্ম ভাল নয়। কয়েক দিন আগে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ০-২ গোলে হেরেছে ভারত। গোটা ম্যাচে থাইল্যান্ডের গোল লক্ষ্য করে একটাও শট মারতে পারেননি সুনীলেরা।

One Reply to “হংকংকে হারাতে পারলেই মিলবে আর্থিক পুরস্কার, বড় ঘোষণা এআইএফএফের”
Comments are closed.