শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন, হাসপাতাল ছাড়লেন সেই ব্যক্তি

প্রথমবারের মতো মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। ওই রোগী বুধবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছে।

চিকিৎসা বিজ্ঞানের নতুন এই মাইলফলকের দুই সপ্তাহ পর বাসায় ফিরলেন ৬২ বছর বয়সী ওই রোগী। ম্যাসাচুসেটসে জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিলো।

এর আগে যদিও মানব শরীরে পশুর অঙ্গ প্রতিস্থাপনের কোনো চেষ্টাই সফলতার মুখ দেখেনি। তবে এবারের ঘটনাকে ভিন্ন হিসেবেই দেখছেন চিকিৎসকরা।

হার্ভার্ড মেডিকেল স্কুলের বিজ্ঞানীদের মতে, শেষ পর্যন্ত সফল হলে এটা চিকিৎসা বিজ্ঞানের জন্য বড় মাইলফলক হয়ে থাকবে।

ওই বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রিচার্ড রিক স্লাইম্যান নামের ওই রোগী কিডনি রোগের শেষ পর্যায়ে ছিলেন। তার জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন দরকার ছিলো। এরপর তার শরীরে জিনগতভাবে বিশুদ্ধ ও রূপান্তরিত করা শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়। ১৬ মার্চের ওই অস্ত্রোপচারে সময় লেগেছিলো ৪ ঘণ্টা।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রিকের কিডনি বর্তমানে বেশ ভালোভাবে কাজ করছে। তার আর ডায়ালাইসিসের দরকার পড়ছে না। আর ওই রোগী বলেছেন, হাসপাতাল ছেড়ে বাড়ি যাওয়া তার জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত।

এনএএন টিভি