নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে নীলফামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা পুলিশ, নীলফামারীর আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় পুলিশ সুপার বলেন, “শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে কিংবা গুজব ছড়াতে না পারে সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার ক্রাইম মনিটরিং সেল ইতিমধ্যেই নজরদারি জোরদার করেছে।”
তিনি আরও জানান, পূজা মণ্ডপসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ নজর থাকবে। প্রাক-পূজা, পূজা চলাকালীন ও পূজা-পরবর্তী সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এছাড়াও তিনি পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দকে সহযোগিতার আহ্বান জানান এবং তাদের মতামত গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card