ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে আজ সোমবার (৭ই এপ্রিল) বাংলাদেশেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরেশোরে এ কর্মসূচি পালিত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, আজ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ক্লাস-পরীক্ষা হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার পাশাপাশি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সব অফিস বন্ধ রাখা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হবে। সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবেশ ডেকেছে। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এ সমাবেশ হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দেশের বিভিন্ন বিদ্যালয়-কলেজে আজ ক্লাস বন্ধ রাখা হয়েছে। তবে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে নয়। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ ক্লাস হচ্ছে না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। ইববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ ঘোষণা দেয়।
আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। রবিবার রাতেই এ কর্মসূচির বিষয়ে নিশ্চিত করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দীন। আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি সংহতি সমাবেশ করবে শিক্ষক সমিতি।
আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আফতাব নগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই কর্মসূচি পালন করেন। একই সময় ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ ক্যাম্পাসের গেটে অবস্থান কর্মসূচি পালন করছে।
এদিকে উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরাও সকাল থেকে নিজ ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।
এছাড়াও ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও আগ্রাসনের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে “মার্চ ফর প্যালেস্টাইন” অনুষ্ঠিত হয়েছে।

One Reply to “গাজায় হামলার প্রতিবাদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন”
Comments are closed.