কক্সবাজারের ঈদগাঁওতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ঈদগাঁও থানার ওসি মো. মসিউর রহমান এ খবর নিশ্চিত করেন।
নিহত আব্দুল অদুদ ওরফে দুদু মলই চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পূর্ব সওদাগর পাড়ার মৃত আলীম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মসিউর বলেন, রোববার দুপুরে কক্সবাজার রেল স্টেশন ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঈদগাঁও উপজেলার পালাকাটা রেল ক্রসিং এলাকায় পৌঁছায়। এসময় চৌফলদন্ডীর দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী এক ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা চালায়। এতে চট্টগ্রামমুখী ট্রেনটির সাথে মোটর সাইকেল আরোহীর ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ট্রেন পৌঁছানোর পূর্বে গেইটম্যান কোন সংকেত দেননি। তিনি সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। সে সচেতন হলে এমন মর্মান্তিক ঘটনা ঘটতো না। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনার ব্যাপারে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান ওসি। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
