ঢাবিতে শিল্পী হাশেম খানের তুলিতে শুভ উদ্বোধন শোভাযাত্রার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের জন্য ছবি এঁকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন শিল্পী অধ্যাপক হাশেম খান।

বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং দেশের বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে অনুষদ প্রাঙ্গণে এই শুভ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে হাশেম খান বলেন, এই চারুকলা অনুষদ থেকে প্রতি বছর বাংলা নববর্ষ উদযাপন করা হয়। সেই পাকিস্তান আমল থেকে এটি শুরু হয়েছিল। তখন পাকিস্তানি সংস্কৃতির নামে এক ধরনের জগাখিচুড়ি আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। তারই তীব্র প্রতিবাদ ছিল এই মঙ্গল শোভাযাত্রা। এক মাস ধরে আমাদের শিল্পীরা মঙ্গলশোভা যাত্রার প্রস্তুতি নেবে। সমস্ত অশুভ শক্তিকে রুখে দেওয়ার জন্য আমাদের শিল্পীরা প্রস্তুত।

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সচেতন করে তোলার জন্যই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। তরুণ বয়সে আমরা রক্তচক্ষুকে তোয়াক্কা করিনি। তাদের নিষেধ সত্ত্বেও আমরা বন্দুকের আলপনা এঁকেছি, শহীদ মিনারের আলপনা এঁকেছি, চারুকলা ভবনের সামনে আলপনা এঁকেছি। চারুকলার তৎকালীন ছাত্র-শিক্ষকরা এ বাংলাকে জাগিয়ে তোলার জন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে যা যা করার দরকার তা সব করেছিলেন। আমরা চাই জনসাধারণ আমাদের সাথে একাত্ম হোক। কারণ এ আয়োজন আমাদের আগামী প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার জন্য।

এনএএন টিভি

Share this news as a Photo Card