প্রীতি ছায়ার আবহে হৃদ্যতার পরশে সম্পন্ন হল পাহাড়ী জনপদ ঈদগড় ইউনিয়নের প্রাচীন দ্বীনি শিক্ষাকেন্দ্র হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের পূর্ণমিলনী এবং সুবর্ণ জয়ন্তী
উৎসব। মাদ্রাসার গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আজ দিনব্যাপী অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
প্রতিনিধিত্বশীল ওলামায়েকেরাম,প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী,দ্বীনি চেতনার শুভানুধ্যায়ী ও ইসলামী শিক্ষানুরাগী এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত প্রাণবন্ত এ আয়োজন হয়ে উঠে ইসলামী শিক্ষা-দীক্ষা,বিকাশধারায় এক উজ্জ্বল মাইলফলক।
মাদ্রাসার পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম ও নির্বাহী পরিচালক মাওলানা জয়নাল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে, বিশিষ্ট মুরুব্বী হাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ণ মিলনী উৎসবে মুখ্য আলোচনা পেশ করেছেন, হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি, জামিয়া আজিজুল উলুম বাবুনগরের মুহাদ্দিস ড.হারুন আজিজি নদভী।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা ইদ্রিস বিন মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা করেন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আবদুল হক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, কক্সবাজার শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদের খতীব, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, মাদ্রাসা মোতাওয়াল্লি আলহাজ্ব আবু বকর সিকদার, ঈদগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা সিকদার, সিরাজুল ইসলাম বাবুল। এছাড়া দূরদূরান্ত থেকে আগত প্রাক্তন ছাত্ররা ও বক্তব্য রাখেন।
মাদ্রাসার ৫০ বছর বর্ষপূর্তির শুভ সন্ধিক্ষণে আয়োজিত অনুষ্ঠানে আলোচকবৃন্দরা বলেন, ইসলামী শিক্ষা-দীক্ষা ও সভ্যতা-সংস্কৃতির আলোকধারায় আলোকিত জনগোষ্ঠী তৈরির সুমহান অভিপ্রায়ে ১৯৭৩ সালে আল্লাহ তা’আলার অশেষ রহমতে মরহুম আকবর আহমদ সিকদার ও মাওলানা নাজের হোসাইনের প্রচেষ্টায় এ মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘ ৫ দশকের পথপরিক্রমায় মাদ্রাসাটির অবদানে হাফেজে কুরআন, আলেম-ওলামাসহ অসংখ্য আলোকিতজন তৈরি হয়েছে। কুরআন-সুন্নাহর আলোকরশ্মি দিকদিগন্তে ছড়িয়ে দেয়ার এ ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে ইসলামী শিক্ষার বিকাশধারাকে তরান্বিত করতে হবে।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রতিষ্ঠা ও সমৃদ্ধিতে ভূমিকা পালনকারী কবরবাসী ও মরহুম শিক্ষক-শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং জীবিতদের দীর্ঘায়ু ও মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
