ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে “নো ওয়ার্ক, নো ক্লাস” কর্মসূচিতে অংশ নিয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১২টা থেকে রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সামনে জড়ো হন শতাধিক শিক্ষার্থী। দুপুর ২টা পর্যন্ত চলে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি।
শিক্ষার্থীদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড, তাতে লেখা ছিল—
“Stop Genocide in Gaza”, “Nethanyahu is a war criminal”, “From the river to the sea, Palestine will be free”
তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “ইসরায়েল কোনো যুদ্ধ করছে না, তারা একতরফাভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। শিশু, নারী, সাধারণ মানুষ—কেউ রক্ষা পাচ্ছে না। এর বিরুদ্ধে চুপ থাকা মানে অপরাধে অংশ নেওয়া।”
তারা আরও বলেন, “আজকের শিক্ষার্থীরা শুধু ডিগ্রির পেছনে ছোটে না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমাদের আসল শিক্ষা। গাজার শিশুরাও আমাদের ভাই-বোন।”
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান—ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে, নেতানিয়াহুর বিচার করতে হবে এবং অবিলম্বে গাজায় শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
এই কর্মসূচির মাধ্যমে কানাডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছেন—মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, তারা চুপ থাকতে জানে না।
এনএএন টিভি/ ফিয়াদ নওশাদ ইয়ামিন
