কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা, পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত করায়

কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেছে পুলিশের ওই গাড়ির চালক ।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন বলেন, গত বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনের সময় অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত করেছেন। গাড়ি ভাঙচুরের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলার আসামির তালিকায় কারও নাম উল্লেখ করা হয়নি।

অজ্ঞাত অনেকে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত করেছেন বলে জানান আরশাদ হোসেন। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ১ জুলাই থেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে টানা আন্দোলন করে আসছেন। গত বৃহস্পতিবার ‘বাংলা ব্লকেড’ নামের অবরোধ কর্মসূচিতে পুলিশের হামলার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদ ও বিচারের দাবিতে গতকাল শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এনএএন টিভি