মো: মাসুদুর রহমান – গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈরে দোয়া, র্যালী ও আলোচনা সভার মাধ্যমে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান। এ লক্ষ্যে গাজীপুর-১ আসনের কোনাবাড়ি কাশিমপুরসহ কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক লোক স্বতঃস্ফুর্ত ভাবে কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকায় জড়ো হন। তাদের অংশ গ্রহণে দোয়া মাহফিল শেষে বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের নেতৃত্বে বিশাল একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার কালিয়াকৈর ট্রাক-ষ্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজার, হিজলতলী, সাহেববাজার বাইপাস, খাড়াজোড়া হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা, কালিয়াকৈর উপজেলা, পৌর বিএনপি, কোনাবাড়ী বিএনপিসহ অংগ্রসংগঠনের নেতাকর্মীরা।
