সরকারি কাজে ইউরোপ সফর শেষে ফিরে আজ শুক্রবার সকালে মন্ত্রী রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান ও নিরাপদ যাত্রা কামনা করেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন,
‘ঈদের পরে, শীতের পরে, গ্রীষ্মের পরে, স্কুল ছুটির পরে, কোরবানির পরে, বর্ষার পরে—এসব কথা ১৪ বছর ধরে শুনে আসছি।
মির্জা ফখরুল সাহেবের এসব কথা মানুষ হাস্যকর বক্তব্য হিসেবে চিহ্নিত করেছে।
আর তিনি “ঈদের পরে” বলেছেন, কিন্তু কোন ঈদের পরে, সেটি বলেননি। আমার প্রশ্ন, কোন ঈদের পরের কথা তাঁরা বলছেন?’
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রশ্নে সম্প্রচারমন্ত্রী বলেন,
‘বিএনপি এই নির্বাচন বর্জন করার কথা বললেও তাদের নেতারা যে এতে অংশ নিতে চান, সেটি স্পষ্ট। অন্য নির্বাচনেও তাদের নেতারা স্বতন্ত্রভাবে অংশ নিয়েছেন।
সিটি করপোরেশন নির্বাচনের জন্যও নেতারা ছোটাছুটি করছে, তাদের অন্দরমহলে নানা আলোচনা হচ্ছে। নির্বাচনে এলে আমরা বিএনপিকে স্বাগত জানাই।
আমার ধারণা, তাদের অনেকেই মুখোশ লাগিয়ে নির্বাচনে অংশ নেবে। আমরা চাই, তারা মুখোশ ছাড়াই অংশ নিক।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি অংশ না নেয়, তাদের নেতাদের অংশগ্রহণ তারা ঠেকাতে পারবে না।
নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন এবং আনন্দমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার সব সহযোগিতা দেবে, সব পর্যবেক্ষক নির্বাচন দেখবেন।
আমরা আশা করি, বিএনপি অংশ নেবে।
কারণ, নির্বাচন থেকে এভাবে পালিয়ে যেতে থাকলে একসময় বিএনপি দলটাই পালিয়ে যাবে, তখন আর তাদের খুঁজে পাওয়া যাবে না।’

Comments are closed.