নিজের বাড়িতেই স্বাধীনতা নেই শাহরুখ খানের!

বলিউডের পর্দায় তিনি বাদশা। কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করলেও নিজের বাড়িতে নাকি একেবারেই চলে না তার কথার দাম। বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে খাওয়াদাওয়া সবকিছুতেই শেষ সিদ্ধান্ত স্ত্রী গৌরী খানের। এমনই মজার স্বীকারোক্তি করে হাসির খোরাক জোগালেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

গত ১১ নভেম্বর দুবাইয়ে নিজের নতুন আবাসন প্রকল্প ‘শাহরুখস বাই ডানিউব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন নির্মাতা করণ জোহর। অনুষ্ঠানজুড়ে নানা কথার ফাঁকে নিজের পারিবারিক জীবনের অজানা মজার দিক তুলে ধরেন শাহরুখ।

আলোচনার একপর্যায়ে করণ জোহর জানতে চান, নিজের বাড়িতে এমন কোনও কাজ রয়েছে কি না, যা করার অনুমতি পান না শাহরুখ? প্রশ্ন শুনেই মজার ছলে অভিনেতার উত্তর, নিজের বাড়িতে তিনি কিছুই করতে পারেন না। তার এমন মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে।

এরপর স্ত্রী গৌরী খানকে নিয়ে আরও খোলামেলা কথা বলেন শাহরুখ। জানান, বাড়ির অন্দরসজ্জা ও পরিবেশ নিয়ে গৌরীর সিদ্ধান্তই চূড়ান্ত। এমনকি ওয়াই-ফাই কাজ না করলেও অভিযোগ করার সুযোগ নেই পরিবারের সদস্যদের। বিছানায় বসে খাওয়াও নিষিদ্ধ। বাড়ির রং, দেয়ালে টাঙানো ছবি, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা কোনো কিছু নিয়েই নিজেদের মতামত দেওয়ার সুযোগ নেই তাদের।

শাহরুখ জানান, বাড়িতে তাদের কাজ শুধু চুপচাপ বসে থাকা আর গৌরীর প্রশংসা করা। বলতে হয়, ‘গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছ!’ তার এই রসিকতায় অনুষ্ঠানের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

দুবাইয়ে নতুন আবাসন প্রকল্পের পেন্টহাউজ নিয়েও একই রকম রসিকতা করেন অভিনেতা। জানান, সেখানে গেলেও তাঁকে গৌরীর প্রশংসা করেই সময় কাটাতে হবে। কারণ, ওই বিলাসবহুল পেন্টহাউজের নকশাও করেছেন গৌরী নিজেই।

পরিবারের স্বাধীনতা প্রসঙ্গে শাহরুখ আরও বলেন, বাড়ির বাইরে তিনি, ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা নিজেদের মতো আনন্দ করতে পারেন। কিন্তু বাড়ির দরজা পেরিয়ে ভেতরে ঢুকলেই পরিস্থিতি বদলে যায়। সেখানে তাদের আর কোনো স্বাধীনতা থাকে না।

এদিকে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা কিং-এ দেখা যাবে শাহরুখকে। এতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও অভয় ভার্মা। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card