চুয়াডাঙ্গায় স্বর্ণের বার সহ নারী চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে তিনটি স্বর্ণের বার সহ ২৫ বছর বয়সী মোছাঃ আসমা খাতুন নামের এক নারী চোরাকারবারি কে আটক করেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি। এর আগে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন  জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারী স্বর্ণ চোরাচালান করবে। সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার বারাদী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮০/১০-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া পাকা রাস্তার উপর থেকে ওই গ্রামের ওয়াসিম আলীর স্ত্রী আসমা খাতুন কে আটক করে। এসময় আটককৃতর কাছে থাকা তিনটি স্বর্ণের বার (ওজন ৩৫৪গ্রাম), একটি ব্যাটন মোবাইল ও নগদ ১৮০টাকা জব্দ করেন। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আটান্ন লক্ষ আটান্ন হাজার সাতশত ছাপ্পান্ন টাকা।
বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের পূর্বক আটককৃত আসামীকে থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ