নীলফামারীতে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান-এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির টিমটি টেক্সটাইল মোড় থেকে বাবরিঝারগামী সড়কের দক্ষিণ পাশে পশ্চিম কুচিয়ার মোড় পাঠানপাড়া গ্রামে অভিযান চালায়। ওই সময় মাদক ব্যবসায়ীরা হেরোইন ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ দেলোয়ার হোসেন ওরফে কালা (৩২), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং- পশ্চিম কুচিয়ার মোড় পাঠানপাড়া, চড়াইখোলা ইউনিয়ন, জেলা নীলফামারী ও শ্রী চিত্ত রঞ্জন (৫০), পিতা- মৃত ত্রিলোচন বর্মন, মাতা- মৃত বিনোদিনী রানী, সাং- মেলাবড়, বড়ভিটা ইউনিয়ন, থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী।
অভিযানের সময় দেলোয়ার হোসেনের শয়নকক্ষের খাটের বালিশের নিচ থেকে ৪০ পুড়িয়া হেরোইন (ওজন প্রায় ২ গ্রাম) এবং চিত্ত রঞ্জনের প্যান্টের পকেট থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট (২০টি লাল, ২৮টি হালকা কমলা রঙের) উদ্ধার করা হয়। পরে সকাল ৮টা ১৫ মিনিটে নিয়ম অনুযায়ী জব্দ তালিকা মূলে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার একটি সূত্র জানায়, “পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলার মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এনএএন টিভি / ওমর ফারুক