নীলফামারীতে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর থানার ওয়াপদা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় পালানোর চেষ্টা করলে নিশ্চিন্তপুর, ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন (৩০)-কে আটক করা হয়।
তল্লাশিতে তার হাতে থাকা মিষ্টির প্যাকেটের ভেতরে দইয়ের সরার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে এগুলো জব্দ করা হয়।
ঘটনার পর আটককৃতের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নেই। সমাজ থেকে মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।”