নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে “চাকুরী প্রতারক চক্রের” এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত ৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার শিকার হওয়া দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার নশরতপুর গ্রামের মোঃ মহসীন আলী (৩৭) লিখিতভাবে নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, উত্তরা ইপিজেডে অবস্থিত জাপানি কোম্পানি YKK-তে চাকরি দেওয়ার নাম করে প্রতারক চক্রটি তার কাছ থেকে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৭৭ লাখ ৬৪ হাজার ৩৩২ টাকা হাতিয়ে নেয়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান এর নির্দেশে গোয়েন্দা শাখা অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিললে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
অভিযানে নীলফামারী থানা এলাকা থেকে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ মাহাবুল হাসান ওরফে মিন্টু (৪৫)-কে গ্রেফতার করা হয়। তিনি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা পূর্ব কোরানীপাড়ার মোঃ আজাহার আলীর ছেলে।
জিজ্ঞাসাবাদে মিন্টু স্বীকার করেন, তিনি আরও কয়েকজন সহযোগীর সহায়তায় চাকরি দেওয়ার নাম করে ৯৫ জনের কাছ থেকে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মামলা নং-০৭, তারিখ-০৫/১১/২০২৫ খ্রিঃ, জিআর নং-৩৩৭/২০২৫ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২২(২)/২৪(২)/২৭(২) ধারা এবং পেনাল কোডের ৪০৬/৪১৭/৪২০/৫০৬(২) ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এনএএন টিভি / ওমর ফারুক
