বঙ্গোপসাগরে লঘুচাপ, শুক্রবার থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ বঙ্গোপসাগরে মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে অর্থাৎ আগামী ২০ ডিসেম্বর (শুক্রবার) থেকে সারাদেশে বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে বলা হয়, সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড় না হলেও এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে। আগামী ২০ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, রাজশাহী, কুমিল্লা ও সিলেটের নিচের অংশেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

কাল বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া আগামী পাঁচদিনের প্রথমার্ধে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।