সোমবার রাত থেকে মেঘের দল বিদায় নিয়ে আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর থেকে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা বেড়ে গিয়ে খাঁ খাঁ রোদ পড়েছে।
গতকালের তুলনায় আজ সকালে রাজধানীর তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বেশি।
দেশের অন্য স্থানেও তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর ফলে সকাল থেকে রাজধানীবাসীর গরমের কষ্ট বেড়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় গরম বাড়বে।
আবহাওয়াবিদেরা বলছেন, আজ সকাল থেকে দেশের উত্তরাঞ্চল ছাড়া কোথাও মেঘের আনোগানা দেখা যায়নি।
দিনের মধ্যে কোথাও নতুন করে মেঘের সৃষ্টি বা অন্য কোনো জায়গা থেকে মেঘ আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
এর ফলে সারা দিন প্রখর রোদের মধ্যে কাটাতে হবে।
তবে বিকেলের দিকে ঢাকার কোথাও কোথাও পাতলা মেঘ ও দমকা হাওয়া বয়ে কিছুটা গরম কমতে পারে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ সংবাদ মাধ্যমকে বলেন,
গতকাল মধ্যরাত থেকে দেশের বেশির ভাগ এলাকা থেকে মেঘ বিদায় নিয়েছে।
রাজধানীর তো বটেই, এর আশপাশের এলাকায়ও মেঘের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। যে কারণে আজ বেলা যত গড়াবে, গরম তত বাড়বে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব বলছে, মূলত দুপুর ১২টা থেকে গরম বাড়তে থাকে। বেলা একটা থেকে তিনটা পর্যন্ত রোদের তেজ থাকে বেশি।
এর ফলে ওই সময়টাতে গরম বেশি থাকে। বিকেল ৫টা থেকে তাপমাত্রা কমে, ওই সময়ে গ্রীষ্মের বাতাসও বয়ে যায়, এর ফলে গরম কমতে থাকে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছিল তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস,
এবং গতকাল তা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আর রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা একই সময়ে পাওয়া গেছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Comments are closed.