রাজধানীর উত্তরায় সড়কে প্রাণ গেল যুবকের

রাজধানীর উত্তরায় একটি পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফুয়াদ হাসান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে উত্তরার জসীমউদ্‌দীন রোড উড়ালসড়কের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

রাজীব নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ফুয়াদ মোটরসাইকেলের আরোহী ছিলেন। দুর্ঘটনার সময় তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

নিহত ফুয়াদের চাচাতো ভাই তামজীদ বলেন, সকালে খবর পেয়েই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গিয়ে ফুয়াদের মরদেহ শনাক্ত করেন।

তামজীদ বলেন, ফুয়াদের বাড়ি নওগাঁ সদর উপজেলায়। তাঁর বাবা ফাইজুর রহমান পেশায় স্টেশনারি ব্যবসায়ী। ফুয়াদ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মতিঝিল এলাকায় একটি মেসে থাকতেন।

এনএএন টিভি