কুষ্টিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণকে গুলি করে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু হোসেন (১৮) নামের এক তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু ওই ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহীম প্রামাণিকের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রাজুর নিকট আত্মীয় মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও একই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, এক সপ্তাহ আগে এলাকার এক যুবকের সঙ্গে রাজুর বাগবিতণ্ডা হয়। এ নিয়ে ওই যুবক রাজুর ওপর চরম ক্ষিপ্ত ছিলেন। গতকাল সন্ধ্যার দিকে একজন রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাতে শুনতে পান, রাজুকে গুলি করা হয়েছে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান বলেন, রাজু বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।এ ব্যাপারে জানতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদাকে কল দিলে তিনি ধরেননি। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস ও মিডিয়া) ফয়সাল মাহমুদ বলেন, রাজুর শরীরে গুলির আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনএএন টিভি / মোঃ মুনজুরুল ইসলাম

Share this news as a Photo Card