গাইবান্ধায় নতুন বই বিতরণ উৎসব

গাইবান্ধা জেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, এবতেদায়ী ও দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে বই উৎসব উপলক্ষ্যে সোমবার নতুন পাঠ্য বই বিতরণের কাজ শুরু হয়েছে।

বই উৎসব উপলক্ষ্যে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরী স্কুল, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান তিনটিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসবে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ এবং বালক উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম। বিয়াম ল্যাবরেটরী স্কুলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছর গাইবান্ধার মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং দাখিল ও এবতেদায়ী মাদ্রাসাসহ ৩ লাখ ৫১ হাজার ২২৫ জন শিক্ষার্থীর জন্য ৩৯ লাখ ৮২ হাজার ২৮৩টি পাঠ্য বই বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৩৫ হাজার ১৫৫ জন ছাত্রছাত্রীর জন্য ২১ লাখ ৩ হাজার ২৯৩টি বই বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া ৬৯ হাজার ২৫৫ জন প্রাক প্রাথমিক শিক্ষার্থীর জন্য অনরূপ সংখ্যক পাঠ্য বই বরাদ্দ পাওয়া গেছে। যা বিতরণের কাজ সোমবার থেকে শুরু হয়েছে।

আরও পড়ুন :

Share this news as a Photo Card