জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
এবারের প্রতিপাদ্য ছিল— “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”। ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত সারাদেশে মৎস্য সপ্তাহ পালন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজাহার আলী। তিনি বলেন, “বাংলাদেশ মাছ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে। তবে আরও বেশি উৎপাদনের জন্য প্রতিটি জলাশয়কে কাজে লাগাতে হবে। অভয়াশ্রম গড়ে তোলার মাধ্যমে দেশি মাছ সংরক্ষণ সম্ভব হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহম্মদ আবদুৎ তোয়াব ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহদাত হোসেন। এছাড়া বিভিন্ন ইউনিয়নের মাছ চাষি, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।
আলোচনা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সফল মাছ চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা মাছকে দেশের অন্যতম প্রধান সম্পদ উল্লেখ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান।
এনএএন টিভি / মোঃ আহসান হাবীব

One Reply to “জাতীয় মৎস্য সপ্তাহে শিবগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ”
Comments are closed.