যশোরে অসাবধানতাবশত চুলার আগুনে পড়ে রাজন নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের দোদাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাজন ওই গ্রামের মিলন হোসেনের ছেলে।
নিহত রাজনের মামা মনিরুল ও মা পারভীন জানান, বাড়ির উঠানে বড় বড় চুলায় তারা ধান সিদ্ধ করছিলেন। এ সময় কিছু দূরে রাজন খেলা করতে করতে অপর একটা চুলার মধ্যে পড়ে যায়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজন মারা যায়।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার নিলুফার ইয়াসিন বলেন, ‘রাজনের মৃত্যুর ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
