ব্রহ্মপুত্রে ভাইয়ের মরদেহ উদ্ধার, বোনসহ এখনো নিখোঁজ ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ মো. আতিক হোসেন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আতিকের বোনসহ তিন শিশু।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত আতিক হাসান নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশির চর গ্রামের আহাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে চার শিশু নিখোঁজ হয়। নিখোঁজ চার শিশুর মধ্য আতিক হাসান ও আঁখি ভাইবোন ছিল। সকালে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে আতিক হাসানের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারকে খবর দিলে শিশুটি মরদেহ উদ্ধার করে নিয়ে যান তারা।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে নিখোঁজ চার শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি শিশুদের উদ্ধারে নদের ভাটিতে খোঁজ নেয়া হচ্ছে।

এনএএন টিভি