নোয়াখালীর সুবর্ণচরে মাঠে গরু রাখতে গিয়ে বজ্রপাতে মো. চৌধুরী মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং ৬ সন্তানের জনক।
চরওয়াপদা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সদস্য মো.হাজী আবুল কাশেম তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়ে। এরপর জমিতে তার গরু রাখতে(বাধতে) যায়। গরু রাখতে গিয়ে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়া তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম ভূঁইয়া বলেন, বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। তবে বিষয়টি কেউ থানায় অবহিত করেনি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।
এনএএন টিভি/মুজাহিদুল ইসলাম সোহেল
