ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১১ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১২ জন নারী, ১৫ জন পুরুষ ও ৮ জন শিশু এবং এক ভারতীয় নাগরিক রয়েছে।
এ দিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু বাংলাদেশি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান জোরদার করে বিজিবি। সে সময় মাটিলা, বাঘাডাঙ্গা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত থেকে ৩৬ জনকে আটক করা হয়। পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।
