চাঁদপুর শহরের পুরানবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল আমিন খান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১২ জন।
মঙ্গলবার (১১ জুন) রাত নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত পুরানবাজার মেরকাটিস রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আল আমিন খান স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খান ডেঙ্গুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন পূর্বে পুরানবাজার মেরকাটিজ রোডের রনি নামে একটি কিশোরের সাথে নিতাইগঞ্জ রোডের জুয়েল নামের এক কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় নিতাইগঞ্জ রোডে যুবকদের সাথে মারকাজ রোড এলাকার যুবকদের সংঘর্ষের সৃষ্টি হয় ।
সন্ধ্যা সাতটা থেকে সংঘর্ষ বাধে, চলে রাত সাড়ে দশটা পর্যন্ত। এতে দুই পক্ষ ইট পাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরানবাজার ফাঁড়ি পুলিশ ব্যাপক চেষ্টা চালায়। পরবর্তীতে চাঁদপুর সদর সার্কেল ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
এই ঘটনায় বর্তমানে পুরানবাজারের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী জানায়, যেকোনো মুহূর্তে এই নিহতের ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।
