বাংলাদশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কল্যাণের লক্ষ্যে এখন থেকেই সার্বক্ষণিক মাঠে থাকার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রবিবার (১৬ই ফেব্রুয়ারি) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ‘ভার্চুয়ালি’ যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘ভোটের মাঠে বিএনপি’র প্রতি জন-আস্থা থাকলেও জনগণের কল্যাণে এখন থেকেই সকলকে মাঠে নামতে হবে। দেশের ইতিবাচক পরিবর্তন আনতে এবং ৩১ দফা বাস্তবায়নের জন্য দলীয় নেতা-কর্মীদের এখনই প্রস্তুতি গ্রহণের পাশাপাশি মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
লন্ডন থেকে ‘ভার্চুয়াল প্লাটফর্মে’ প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘বিএনপি জনগণের রায় নিয়ে আগামীতে ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের কাজ শুরু করবে, যা একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে চলবে। আমরা ধাপে ধাপে এটি আরও উন্নত করবো। যেদিন বাংলাদেশের মাটিতে জনগণের জন্য ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে। সেদিনই বিএনপি’র নেতা-কর্মীদের প্রকৃত বিজয় অর্জিত হবে।’
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনগণের আস্থা অর্জনে আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে চাই।’ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে দেশের জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই আওয়ামী লীগের দমন-পীড়নের প্রকৃত প্রতিশোধ নেওয়া হবে।’ উল্লেখ্য দীর্ঘ ১৬ বছর পর নড়াইল জেলা বিএনপি’র দ্বিবার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
