দিনাজপুরে লরির চাপায় নৈশপ্রহরীসহ নিহত ২

দিনাজপুরে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাউগাঁ নামক স্থানে তেলবাহি ট্যাংক লরির চাপায় নৈশপ্রহরীসহ দুইজন নিহত হয়েছেন। ট্যাংক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়লে তারা ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন, নৈশপ্রহরী আজহার আলী ও রানা।

শনিবার (১১ মে) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় লরিটি জব্দ এবং চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি থানা সূত্র জানায়, দিনাজপুর অভিমুখি একটি তেলবাহি ট্যাংক লরি সদর উপজেলার কাউগাঁ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় লরির চাপায় নৈশপ্রহরী মোহাম্মদ আজহার আলী (৬০) ও চা পানরত গ্রাহক রানা (২৫) ঘটনাস্থলেই নিহত হয়।

 

স্থানীয়দের সহায়তায় পুলিশ লরি চালক রাজু খন্দকার ও হেলপার সোহাগকে গ্রেপ্তার করেছে। মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।