দিনাজপুরের বীরগঞ্জে নিজ শয়ন কক্ষ থেকে রেজিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামের থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। রেজিয়া বেগম উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামের শবদুল ইসলামের স্ত্রী।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মইনুল ইসলাম মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে স্বামী ও স্ত্রী পৃথক দুইটি ঘরে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে স্বামী শবদুল ইসলাম স্ত্রীর শয়ন কক্ষে গিয়ে গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষনিক পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের মাথায় এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত বলে মনে করা হচ্ছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে মৃতদেহ পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তোরে পুলিশ কাজ শুরু করেছে।
