নসরুল হামিদ: গ্যাসের শতভাগ প্রিপেইড মিটার স্থাপন করা হবে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন গ্যাস সেক্টরে আগামী ৪ বছরের মধ্যে শতভাগ প্রিপেইড মিটার স্থাপন করা হবে।

আজ শনিবার সকালে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

এর আগে প্রতিমন্ত্রী প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও প্রিপেইড মিটার প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধন করেন। তিনি তিন দিনের সফরে সিলেটে রয়েছেন। এ সময়ে কয়েকটি গ্যাস ফিল্ড ও প্রসেস প্লান্ট পরিদর্শন, মডেল পেট্রল পাম্প উদ্বোধন, পাইপলাইনে গ্যাস সরবরাহ উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাস মিটার স্থাপন করলে অপচয় কমে যাওয়াসহ অনেক সুবিধা রয়েছে। আমরা চাই যত দ্রুত সম্ভব প্রিপেইড মিটার স্থাপন শেষ করতে। অনেক দিন ধরেই চাপ দিয়ে যাচ্ছি কোম্পানিগুলোকে। এখন বিশ্বব্যাংক, এডিবিসহ অনেকে অর্থায়ন করতে চায়। তারা প্রায় ৩০ লাখ মিটার কানেক্ট করবে।’

এ সময় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card