মুকসুদপুরে দুর্বুত্তের ছুরিকাঘাতে বিউটি পার্লার কর্মী খুন

গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্বুত্তের ছুরিকাঘাতে মনিরা পারভীন মুন্নী (৪০) নামে এক বিউটি পার্লার কর্মী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩১ জানুয়ারী) বেলা ১২টার দিকে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিউটি পার্লার কর্মী মনিরা পারভীন মুন্নী মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের লোকমান ধরানীর মেয়ে। সে উপজেলা সদরের ওমেন্স ওয়ার্ল্ড পার্লারের কর্মী।

ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেবার জন্য টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে গেলে বিউটি পার্লার কর্মী মনিরা পারভীন মুন্নীকে অজ্ঞাত দূর্বৃত্তরা ছুরি দিয়ে কুপিয়ে রাস্তার ওপর ফেলে যায়। পরে উদ্ধার করে হাসতাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওমেন্স ওয়ার্ল্ড পার্লারের মালিক সঙ্গীতা রায় জানান, মনিরা পারভীন মুন্নী এক মাসের জন্য কাজ শিখতে তার এখানে এসেছে। আজ সকালে আসার পরে পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেওয়ার জন্য বাইরে বের হয়। বের হওয়ার পরে কে বা কারা এসে তাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card