ডিমের পাশাপাশি বেড়েছে রসুন, আলু, পেঁয়াজের দাম

বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির প্রতি ডজন বাদামি ডিমের দাম ১০ টাকা বেড়েছে। ডিমের পাশাপাশি দেশি পেঁয়াজ, দেশি রসুন, আলু, আমদানি করা আদা ও কাঁচা মরিচের দাম বেড়েছে।

পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশে পেঁয়াজ ও রসুনের আমদানি কমেছে। এ ছাড়া অন্যান্য পণ্যের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও তালতলা, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও কারওয়ান বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিক্রেতারা জানান, গত সপ্তাহে বাজারে ব্রয়লার মুরগির প্রতি ডজন বাদামি ডিমের দাম ছিল ১৪৫-১৫০ টাকা। গতকাল সেই ডিম বিক্রি হয় ১৫৫-১৬০ টাকায়। অর্থাৎ ডজনে ১০ টাকা দাম বেড়েছে। পাড়া-মহল্লায় কেউ কেউ আরও ৫ টাকা বেশি দামেও ডিম বিক্রি করছেন।

ডিমের পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদা ও আলুর দামও বেড়েছে। বাজারে এখন দেশি পেঁয়াজই বেশি বিক্রি হয়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দেশি পেঁয়াজের কেজি ছিল ৭০-৭৫ টাকা। গতকাল বাজারভেদে ৭৫-৮০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ কেজিতে ৫ টাকা বেড়েছে। কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা নুর ইসলাম জানান, বুধবার পাইকারিতে যে পেঁয়াজ ৭০ টাকা ছিল; বৃহস্পতিবারে তা ৭৩ টাকা বিক্রি হয়েছে।

বিক্রেতারা জানান, সরবরাহ ঠিক না হলে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। গত রোজার ঈদের আগে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪৫-৫৫ টাকা কেজি। সেই হিসাবে পৌনে দুই মাস সময়ে দেশি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ।

বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে দেশি ও আমদানি করা উভয় প্রকার রসুনের দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। গতকাল বাজারভেদে দেশি রসুন ২০০-২১০ টাকা ও আমদানি করা রসুন ২৪০-২৬০ টাকা কেজি বিক্রি হয়েছে।

আরেক মসলা পণ্য আদার দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে আমদানি করা আদার দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে। তাতে খুচরা দোকানে প্রতি কেজি আমদানি করা আদা বিক্রি হচ্ছে ২৫০-২৭০ টাকায়। আর দেশি আদার দাম কেজিতে ২০ টাকা বেড়েছে।

চলতি মাসের শুরুতে বাজারে কাঁচা মরিচের সরবরাহে কিছুটা ঘাটতি ছিল। এতে মাসের মাঝামাঝি এসে পণ্যটির দাম বেড়ে ২০০ টাকা ছাড়িয়ে যায়। যদিও সরবরাহ বাড়ায় ও ঘূর্ণিঝড় রিমালের কারণে দিন পাঁচেক আগে মরিচের দাম কমে ১২০-১৬০ টাকা কেজি হয়। কিন্তু গত দুই দিনে কাঁচা মরিচের দাম যেন আবার হু হু করে বেড়েছে। গতকাল খুচরা বাজারে ধরনভেদে ১৮০-২৪০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি হয়।

এ ছাড়া আলুর দাম কেজিতে ৫-৭ টাকা বেড়েছে। গতকাল বিভিন্ন খুচরা বাজারে ৫৫-৬০ টাকা কেজি আলু বিক্রি হতে দেখা গেছে।

রাজধানীর শেওড়াপাড়া বাজারে গতকাল বাজার করতে আসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আশিকুল ইসলাম। তিনি বলেন, ‘আর কয়েক দিন পর কোরবানির ঈদ। অথচ পেঁয়াজ-রসুন-আলুর মতো অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেড়ে চলেছে। এই দাম নিয়ন্ত্রণ করা না গেলে আমাদের কষ্ট আরও বাড়বে।’

এনএএন টিভি