বর্তমানে অ্যামোলেড ব্যবহৃত স্মার্টফোনগুলোয় ডিসপ্লেজনিত নানা সমস্যা দেখা যাচ্ছে। আর ওয়ানপ্লাসের স্মার্টফোনগুলোয় এ সমস্যা একটু বেশিই। তবে এবার বাংলাদেশেই ওয়ানপ্লাসের গ্লোবাল ভার্সনের স্মার্টফোনে ভার্টিক্যাল লাইনের (গ্রিন লাইন) সমস্যা বিনামূল্যে রিপেয়ার করে দেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৪ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনপ্রিয় এই ব্র্যান্ডের প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা স্মার্টফোন—নর্ড এন৩০ এসই ফাইভজি উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানান ওয়ানপ্লাস বাংলাদেশের আফটার-সেলস সার্ভিস ডিরেক্টর মো. রুবায়েত ফেরদৌস চৌধুরী।
তিনি বলেন, আমরা নির্ভরযোগ্য বিক্রয়-পরবর্তী সেবার গুরুত্ব বুঝি। তাই দেশের সব ওয়ানপ্লাস ব্যবহারকারীর জন্য ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা আমাদের গ্লোবাল ভার্সন স্মার্টফোনের ডিসপ্লের ভার্টিকাল লাইনের সমস্যায় ফ্রি রিপেয়ার সার্ভিস দেব।
ওয়ানপ্লাসের সব ফোন ও ব্যাটারিতে ১২ মাসের ওয়ারেন্টি দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশজুড়ে ৩৫টি স্থানে ২২টি সার্ভিস সেন্টার এবং ১৩টি সার্ভিস পয়েন্টের মাধ্যমে বিক্রয় পরবর্তী সেবা পাওয়া যাবে।
বাংলাদেশে ওয়ানপ্লাসের যাত্রা হয়েছে নর্ড এন৩০ মডেলটির হাত ধরে। এই মডেলটি বাংলাদেশে তৈরি। যার দাম মাত্র ১৬ হাজার টাকা। এই ফোনে মিলবে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রোম। এতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। ২২ মে থেকে ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
