রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় ফখরুল বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় রাজধানীর বেইলি রোডস্থ একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের নির্মম মৃত্যু এবং এখনও হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন। দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে। কারণ, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে বলেই নানা দুর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ঝরে যায়।
‘গতরাতে বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি-শোকার্ত পরিবারগুলো যেন তাদের স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে ধৈর্য ধারণ করতে পারেন।’
বিএনপি মহাসচিব অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি অগ্নিদগ্ধদের আশু সুস্থতা কামনা করেন।

Comments are closed.