বাহরাইনে গ্রীষ্মে দুপুরে কাজ নিষিদ্ধ
বাহরাইন, ২১ জুন ২০২৫: গ্রীষ্মকালে শ্রমিকদের তীব্র গরম থেকে সুরক্ষা দিতে বাহরাইন সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী,১৫ জুন ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত দুপুরে বাইরে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময়ে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাহিরে কোনো ধরনের শ্রমিক বহিরাঙ্গনে কার্যক্রম চালানো যাবে না।
প্রথমবারের মতো তিন মাসব্যাপী এ ধরনের নিষেধাজ্ঞা। পূর্বে এই নিয়মটি কিছুটা সীমিত সময়ের জন্য কার্যকর ছিল, তবে এবার তা সম্পূর্ণ তিন মাস বাড়ানো হয়েছে। এই পদক্ষেপ ঘোষণা করেন আইন বিষয়ক মন্ত্রী ও ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ। তিনি বলেন, “এই নিষেধাজ্ঞা কেবল নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত নয়—এটি শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতের জন্য একটি কার্যকর উদ্যোগ।”
মন্ত্রী আরও জানান, বছরের সবচেয়ে গরম ও আর্দ্র সময়টিতে কাজ বন্ধ রেখে শ্রমিকদের তাপমাত্রাজনিত রোগ, হিট স্ট্রোক ও ক্লান্তিজনিত অসুস্থতা থেকে রক্ষা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষাই প্রধান লক্ষ্য
মন্ত্রী খালাফ বলেন, “এটি একটি বৃহত্তর জাতীয় কৌশলের অংশ, যার লক্ষ্য হলো শ্রম আইনের আধুনিকায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নত করা, বিশেষ করে বাহরাইনের তীব্র গ্রীষ্মকালে।”
এই নিয়মের মূল উদ্দেশ্য হলো তীব্র গরমে শ্রমিকদের হিটস্ট্রোক, ক্লান্তি বা অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করা। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সৌদি আরবেও ইতিমধ্যে এমন নিষেধাজ্ঞা রয়েছে। এবার বাহরাইনও সেই তালিকায় যুক্ত হলো।
নিয়ম না মানলে কঠোর শাস্তি
এই নিয়মটি ২০১৩ সালের মন্ত্রী পর্যায়ের আদেশ নং (৩) অনুসারে চালু হয়েছিল, যা ২০২৫ সালের আদেশ নং (১১) দ্বারা হালনাগাদ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, উল্লিখিত সময়সীমার মধ্যে কোনো কোম্পানি বা নিয়োগকর্তা কর্মীদের দিয়ে বাইরে কাজ করাতে পারবে না।এছাড়া ২০১২ সালের শ্রম আইন নং (৩৬), ধারা ১৯২ অনুযায়ী, এই নিয়ম লঙ্ঘন করলে নিয়োগকর্তাকে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড, ৫০০ থেকে ১,০০০ বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা,বা তিন মাস পর্যন্ত জেল হতে পারেঅথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
করণীয়
শ্রম মন্ত্রণালয় দেশটির সকল কোম্পানি ও নিয়োগকর্তাকে অনুরোধ করেছে, তারা যেন তাদের কাজের সময়সূচি নতুন নিয়ম অনুযায়ী সমন্বয় করে নেয় এবং শ্রমিকদের নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত করে।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন বাহরাইনের শ্রম মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অথবা তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো।
এই নিষেধাজ্ঞা বাহরাইনের শ্রমিক অধিকার রক্ষায় অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় এবং প্রমাণ করে যে, দেশটি কর্মীদের স্বাস্থ্য ও মর্যাদাকে অগ্রাধিকার দিয়ে একটি টেকসই ও মানবিক উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।

One Reply to “বাহরাইনে গ্রীষ্মে দুপুরে কাজ নিষিদ্ধ: কঠোর শাস্তির বিধান”
Comments are closed.