নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের কাছ থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে চার নারীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক।
দণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জের মাধবপুর থানার একতাপুর এলাকার মর্তুজা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধর্মগঞ্জ এলাকার রুনা বেগম এবং একই থানার বীর মণ্ডল এলাকার শাহনাজ বেগম ও বুশরা বেগম। তারা দীর্ঘদিন ধরে রূপসী এলাকার একটি পরিত্যক্ত স্থানে বসবাস করে আসছিলেন।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের টাকা ও মূল্যবান জিনিসপত্র কৌশলে চুরির অভিযোগ প্রায়ই পাওয়া যায়। সোমবার সকালে রোগীদের কাছ থেকে চুরির চেষ্টার সময় স্বজনেরা ওই চার নারীকে হাতেনাতে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা চুরি ও মাদক সেবনের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, আটক চার নারীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
