বরিশালে অবস্থান ধর্মঘট পালন করছে নার্সরা

স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তি করণের প্রতিবাদ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনসহ আট দফা দাবিতে বরিশালে অবস্থান ধর্মঘট পালন করেছে নার্সরা।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) আয়োজনে বুধবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসুচি পালন করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) বরিশালে জেলা শাখার সভাপতি আলী আজগর, সহ-সভাপতি মো. শাহআলম, সাধারণ সম্পাদক মো. নূরে আলম তালুকদার, কোষাধ্যক্ষ শামীমা ইয়াসমিন, আনোয়ারা খানম, হাফিজা আক্তার, ড. শাম্মির আহম্মেদ সহ বরিশাল নার্সিং কলেজ ও হাসপাতালে কর্মরত সেবক-সেবিকা।

নার্সেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ার পর দু-দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছি। দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। যার মধ্যে আজ (২৭ নভেম্বর) দুই ঘণ্টাব্যাপী কালো ব্যাজ ধারণ করে প্রতিষ্ঠানের সামনের রাজপথে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। আগামী ৩০ নভেম্বর কালো ব্যাজ ধারণ করে দুই ঘণ্টাব্যাপী প্রতীকী শাট-ডাউন এবং ২ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাট ডাউন পালন করা হবে।

 

এনএএন টিভি