ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: রাজধানীতে নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
জুমার নামাজের পর পল্টনের বিজয়নগর এলাকায় প্রচারণার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। স্থানীয়রা জানান, হাদির বাম কানের নিচে গুলি লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
দুপুর আড়াইটার কিছু পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে আনা হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, হাদির অবস্থা আশঙ্কাজনক।
এসআই মো. সেলিম বলেন, মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাকে জরুরি বিভাগের ওসেক ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে যান জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি।
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন— “হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে। আমাদেরকেও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই।”
এদিকে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে; নিশ্চিত তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
