মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল তিনটি দোকান

হবিগঞ্জের মাধবপুরের মৌজপুর গ্রামের বাজারে তিনটি দোকান ভয়াবহ আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন ‘ইসলাম ট্রেডার্স’-এর সার ও কীটনাশকের দোকান, হাসানুজ্জামান বাবুর মুদি দোকান এবং একটি দর্জির দোকান পুড়ে যায়।

স্থানীয়রা জানান, ভোররাতে হঠাৎ বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানের ভেতরে থাকা মালামাল বের করার সুযোগ পাননি ব্যবসায়ীরা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দিলে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

 

 

এনএএন টিভি