নিখোঁজের দুইদিন পর হবিগঞ্জে সিএনজিচালকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের বাহুবল বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজের দুইদিন পর তুহিন মিয়া (২৩) নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলে মরদেহ উদ্ধার করা হয়। নিহত তুহিন মিয়া বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে বাহুবল বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হন তুহিন মিয়া। এরপর থেকে পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। গত দুইদিন ধরে ব্যাপক খোঁজাখুঁজির পর, তার কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার রাতে বাহুবল থানা একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।

বুধবার সকালে নবীগঞ্জের সাতাইহাল গাজির মোকাম এলাকায় স্থানীয়রা একটি পচে যাওয়া মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ তুহিন মিয়ার বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন স্বজনরা। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং তার সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশাটির কী হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

এনএএন টিভি