ওমানের পূর্ব উপকূলে ভারতগামী একটি বাণিজ্যিক জাহাজে টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। হামলার শিকার এমভি কেপ দাও জাহাজে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নাবিকের নাম সুরজ যাদব। ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা সুরজ জাহাজটিতে ‘ওয়াইপার’ হিসেবে কর্মরত ছিলেন। ভারতের উদ্দেশে যাত্রার সময় ওমানের পূর্ব উপকূলে জাহাজটি হামলার শিকার হয়।
বুধবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমভি কেপ দাওয়ে হামলার নিন্দা জানায়। এতে বলা হয়, জাহাজটিতে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একজন ভারতীয় নাগরিক ‘দুঃখজনকভাবে নিহত’ হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানায়, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত ভারতে ফেরাতে ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে দূতাবাস। এ ঘটনায় সহযোগিতার জন্য ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে ভারত।
এদিকে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের সমাধানের আহ্বান জানিয়েছে দেশটি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা ‘অবশ্যই বন্ধ করতে হবে’। একই সঙ্গে ওই অঞ্চলের আন্তর্জাতিক নৌপথে দ্রুত অবাধ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই) জানিয়েছে, এমভি কেপ দাওয়ে দুটি টর্পেডো আঘাত হানে। এর একটি জাহাজের বাম পাশের ‘সি-ডেকে’ আঘাত করে, যেখানে নাবিকদের থাকার ব্যবস্থা ছিল। অপর টর্পেডোটি ইঞ্জিন কক্ষের কাছাকাছি জাহাজের বাম পাশের কাঠামোয় আঘাত করে।
ইউনিয়নটির দাবি, জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন ভারতীয় নাগরিক। তবে ওমানে থাকা ভারতীয় দূতাবাসের দেওয়া ১৯ জন ভারতীয় নাবিক উদ্ধারের তথ্যের সঙ্গে এ সংখ্যার পার্থক্য রয়েছে।
এক বিবৃতিতে এফএসইউআই বলেছে, ওই অঞ্চলে নাবিকদের নিরাপত্তার যে আশ্বাস দেওয়া হয়েছিল, হামলার পর তা অর্থহীন হয়ে পড়েছে। সংগঠনটির ভাষ্য, ‘হরমুজ প্রণালি ও এর আশপাশে নিরপরাধ বেসামরিক নাবিকদের হত্যা করা হচ্ছে।’
হামলার ঘটনায় দ্রুত জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি ওই অঞ্চলের নৌপথ ব্যবহারকারী নাবিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সুরজ যাদবসহ ‘এখনো ঝুঁকিতে থাকা প্রত্যেক ভারতীয় নাবিকের’ জন্য ন্যায়বিচারের দাবি জানিয়েছে তারা।
