মোহনপুরে মাকে হত্যার পর বাবাকে কুপিয়ে আহত, ছেলে আটক

রাজশাহীর মোহনপুরে মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে গেলে তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে জখম করেন আমিনুল।

গতকাল বুধবার রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জান্নাতুন বেগম (৫৫)। গুরুতর আহত মুজিব সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জান্নাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের অর্থ ও সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন এবং পারিবারিক বিরোধের সৃষ্টি করতেন। তাকে নিয়ন্ত্রণে পরিবারের সদস্যরা বিভিন্ন সময় চেষ্টা করেও সফল হননি।

এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১টার দিকে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আমিনুল হাঁসুয়া নিয়ে তার মা জান্নাতুনের ওপর হামলা চালান। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ।

এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হবে। ময়নাতদন্ত শেষে নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এনএএন টিভি